সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে নতুন করে বিভিন্ন খাতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বাজেট পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে সব মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে সংশোধিত বাজেট তৈরির সময় সুনির্দিষ্ট কিছু নীতিমালা ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের প্রয়োজনীয় স্থাপনা ছাড়া নতুন কোনো আবাসিক বা অনাবাসিক ভবন নির্মাণ আপাতত বন্ধ থাকবে। তবে যদি কোনো চলমান নির্মাণকাজের অগ্রগতি ইতোমধ্যে ৭০ শতাংশ বা তার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে অর্থ বিভাগের বিশেষ অনুমোদন নিয়ে ব্যয় করা সম্ভব হবে। এছাড়া জরুরি প্রয়োজনে যথাযথ যৌক্তিকতা প্রদর্শন সাপেক্ষে আলাদাভাবে ভবন নির্মাণের অনুমতির সুযোগ রাখা হয়েছে।

যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও একই ধরণের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সব ধরনের নতুন গাড়ি কেনার বরাদ্দ বন্ধ রাখার পাশাপাশি পুরাতন গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেবল ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন কিংবা নতুন গঠিত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগের অনুমতি সাপেক্ষে গাড়ি কেনা যাবে। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া অন্য জিপ বা কার অবশ্যই পূর্ণ বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এসব শর্ত কিছুটা শিথিল রাখা হয়েছে।

সরকারি অর্থের অপচয় রোধে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি অর্থায়নে যে কোনো ধরণের বিদেশি প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ বন্ধ থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এসব খাতে বরাদ্দ রাখা যেতে পারে। পাশাপাশি পরিচালন বাজেটে আপ্যায়ন বা উৎসবের ক্ষেত্রে আড়ম্বর বর্জন করে সাশ্রয়ী হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম বরাদ্দও আপাতত বন্ধ থাকবে।

সংশোধিত বাজেটে কোনো অবস্থাতেই চলতি বছরের মূল বাজেটের ব্যয়সীমা অতিক্রম করা যাবে না। বেতন-ভাতার ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুসরণ করতে বলা হয়েছে এবং বিগত ছয় মাসের আয়-ব্যয়ের ধারা ও চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত ব্যয় বিবেচনায় নিয়ে বাজেট প্রাক্কলন করতে হবে। উন্নয়ন বাজেটের ক্ষেত্রে যেসব প্রকল্প শেষ হওয়ার পথে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রমকে গুরুত্ব দিতে বলা হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন খাত বা অর্থনৈতিক কোডের বরাদ্দ কমানো-বাড়ানো যাবে, তবে তা মূল বাজেটের মোট ব্যয়সীমার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নসংশ্লিষ্ট প্রকল্প, মানব উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসনসংশ্লিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সংশোধিত বাজেট অনুমোদনের পর এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আহরণ, ব্যয় পরিকল্পনা ও বার্ষিক ক্রয় পরিকল্পনাও হালনাগাদ করতে হবে।

পরিপত্রে জানানো হয় যে, সংশোধিত বাজেট প্রস্তাব অবশ্যই প্রশাসনিক মন্ত্রণালয় ও বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই-বাছাই ও অনুমোদন হতে হবে। প্রশাসনিক এসব প্রস্তাবের সাথে কমিটির সভার কার্যবিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। পরিচালন ও নন-এডিপি স্কিমের সংশোধিত বাজেট প্রাক্কলন আগামী ২৬ নভেম্বরের মধ্যে অর্থ বিভাগে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উন্নয়ন কর্মসূচির সংশোধিত প্রাক্কলন একই সময়ের মধ্যে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগেও পাঠাতে হবে। একই সংস্থার অধীনে একই ধরনের উদ্দেশ্যে নেওয়া একাধিক ছোট প্রকল্প একত্র করে গুচ্ছ প্রকল্প হিসেবে প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে।