জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ৩১-এ যোগদানের উদ্দেশ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ৩ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এসময় দুই শিশু তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। আন্তালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন।

এর আগে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। যাত্রাপথে ইস্তাম্বুল বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ভিভিআইপি মর্যাদায় তাকে বিমানবন্দরের ভেতর রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।

আন্তালিয়ায় পৌঁছানোর পর সরকারি আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের পাঁচতারা রিসোর্ট ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’-তে উঠেছেন। সফরকালে তিনি এই রিসোর্টেই অবস্থান করবেন। তার এই সফরের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এই জলবায়ু সম্মেলনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তুরস্ক সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।