ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়। শেখ হাসিনার আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়ে এই আবেদন জমা দেন, যা রয়টার্স পর্যবেক্ষণ করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা তারা দেখার সুযোগ পেয়েছে।

শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে সম্বোধন করে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মক্কেলের বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করায় তার জন্য নতুন নথিপত্র ইস্যু করা আবশ্যক হয়ে পড়েছে। চিঠিতে শেখ হাসিনার জন্য অবিলম্বে নতুন পাসপোর্ট ও এনআইডি প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আওয়ামী লীগের কিছু নেতার সূত্রে প্রতিবেদনটিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এই বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ একসময় দেশের প্রধান রাজনৈতিক দল হলেও শেখ হাসিনার পতন পরবর্তী পরিস্থিতিতে এর সার্বিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দলটির বহু নেতাকর্মী কারাবন্দি রয়েছেন এবং অনেকে ভারতে বা অন্য কোনো দেশে স্বেচ্ছানির্বাসন গ্রহণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে, যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবরে নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে। তার দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন।