বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, একটি কলেজ ও মহাসড়কের ওপর আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক এসব স্থানে দুর্বৃত্তরা আগুন দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। পরদিন মঙ্গলবার এলাকায় জনজীবন স্বাভাবিক ছিল এবং অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসা-বাণিজ্য বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মহাসড়ক ও রেলপথে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখার ডাক দেওয়া হয়। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে বার্তা দেন।
এর পরপরই সোমবার শেষ রাতে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে ব্যাংকের সামনে আগুন, মহাসড়কে আগুনের দৃশ্য এবং কলেজে ব্যানার ঝুলিয়ে তালা মারার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে তা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ দিয়ে কল্যাণপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক দেবরাজ পাল জানান, দিনের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অন্যদিকে টিয়াখালী কলেজের ভবনে তালা ও আগুন দেওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল।
সহিংসতার চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত আমতলীতে ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি। শহরের যান চলাচলসহ দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক ছিল। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।