পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্।
রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তারা কোন যুক্তিতে এনআইডি ও পাসপোর্ট দাবি করছেন? তিনি সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তৎকালীন সরকারের সময় বলা হয়েছিল ফেরারি আসামিদের বক্তব্য প্রচার করা যাবে না। অথচ এখন যারা শহীদের রক্ত ঝরিয়ে দেশত্যাগ করেছেন, তারাই এখন রাষ্ট্রীয় এসব নথির জন্য মরিয়া হয়ে উঠেছেন। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এসব মানবতাবিরোধী অপরাধের বিচার অবশ্যই হতে হবে।
তারেক রহমানের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার ফলে তিনি চিকিৎসার জন্য নিয়ম মেনে বিদেশ যান। অন্যদিকে, তৎকালীন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাই কোনোভাবেই পলাতকদের এনআইডি বা পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন বা মধ্যরাতের ভোট চায় না উল্লেখ করে তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবে।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে রিজভী বলেন, তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা প্রশংসনীয়। সঠিক পরিচর্যা পেলে এরাই ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হয়ে উঠবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির কারিগর হবে এই তরুণরাই। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।