ভোলার লালমোহন উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার রাতের এই অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার মো. নূরনবীর ছেলে মো. আলী (২৫) এবং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহসিনের ছেলে মো. নূরে আলম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মধ্যবাজারে অভিযান চালায় এসআই নুর আমিনের নেতৃত্বাধীন একটি দল। সেখান থেকে বরকতের হোটেলের রান্নাঘরের পেছন থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলীকে হাতেনাতে আটক করা হয়। একই সময় কালমা ইউনিয়নের ডাওরী বাজার সংলগ্ন এলাকায় এসআই জিল্লুর রহমানের নেতৃত্বাধীন অন্য একটি দল অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মো. নূরে আলমকে গ্রেপ্তার করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।