গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ-পাটগাতী সড়ক দখল করে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পাটগাতী উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আন্দোলনকারীরা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। একই সময়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপারের সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে এলাকাটির পরিস্থিতি শান্ত রয়েছে।