চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে গত ৮ নভেম্বর রোববার রাতে শ্যামাপূজা পরিদর্শনে এসে সংসদ সদস্য এনামুল হক এনাম তরুণ ও যুবসমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণরা একতাবদ্ধ থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজরা কখনোই সরকারের চেয়ে শক্তিশালী নয়। এদের কঠোর হস্তে দমন করা হবে এবং কোনো অবস্থাতেই কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অভিভাবকেরা একটু সচেতন থাকলে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে এমপি এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বদা আপনাদের পাশে আছেন। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বদা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালনে পাশে থাকবে। কোনো দুষ্কৃতকারী যদি উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্মৃতিচারণ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা কোনো বিনিময় ছাড়াই ধানের শীষের পক্ষে রায় দিয়ে বিজয় সুনিশ্চিত করেছিলেন।

শ্যামাপূজা উপলক্ষে মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে, যেখানে দেশ-বিদেশের বহু ভক্ত ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। পূজাকে কেন্দ্র করে মন্দিরের প্রাঙ্গণে লোকজ মেলারও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে এবং মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিমসহ বিএনপি নেতা আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন। এ সময় যুবদলের মো. শুক্কুর, এমরান, তারেক এবং ছাত্রদলের আশিক, নিহন ও আবু বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল উপস্থিত ব্যক্তি ও ভক্তদের অংশগ্রহণে পূজা উৎসবটি মুখর হয়ে ওঠে।