বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছেও চিঠি দিয়েছেন তারা। সম্প্রতি পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।

চিঠির মূল বিষয়বস্তু

বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি অভিযুক্তের মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনার জন্য দায়মুক্তি কিংবা আগাম কোনো বিচারিক সিদ্ধান্ত চান না। চিঠিতে চারটি বিষয়ে বৃটিশ সরকারের উদ্যোগ চাওয়া হয়েছে

  • শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা।
  • তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করা।
  • জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
  • রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভয়ভীতি বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহযোগিতা দেওয়া।

কূটনৈতিক তৎপরতা

বব ব্ল্যাকম্যানের নিবন্ধে বলা হয়, ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। এ রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত না হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।