শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টেলিফোনে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলাপ করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে জানা যায়, দুই রাষ্ট্রপ্রধানের এই আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। ফোনালাপে এরদোগান আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সূচনায় উভয় দেশের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দেন এবং ওই অঞ্চলে শান্তি স্থাপনে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসান ঘটাতে চলমান কূটনৈতিক তৎপরতা অদূর ভবিষ্যতে কার্যকর ফলাফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া আসন্ন তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (ওটিএস) শীর্ষ সম্মেলনে সমর্থন প্রদান করায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান এরদোগান।