গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, দারিদ্র্য দূরীকরণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সমবায়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সমবায় মূলত মানুষের ব্যক্তিগত উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার একটি প্ল্যাটফর্ম। এখানে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এলাকার প্রভাবশালী কারও সাহায্যের প্রয়োজন পড়ে না। কেবল মানুষের সদিচ্ছা, আন্তরিকতা এবং মিলেমিশে কাজ করার মানসিকতা থাকলেই সমবায় সফল হতে পারে।’

তিনি আরও যোগ করেন, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় মানুষের স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল দর্শন। সমবায়ের মাধ্যমেই গ্রামের দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় পুঁজি গঠন এবং নারীদের স্বাবলম্বী করার পথ প্রশস্ত হয়। এছাড়াও কৃষক ও সাধারণ ক্রেতাদের মাঝে থাকা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সমবায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এছাড়াও সমবায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সমবায় সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সমবায়ী সদস্য এ সময় উপস্থিত ছিলেন।