রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আকতার হোসেন জানান, প্রতিটি নাশকতার ঘটনা ডিএমপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গ-সংগঠনের সদস্যরাও রয়েছেন। সার্বিক বিষয় পর্যালোচনা করে এটি স্পষ্ট যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশের অপারেশনাল কার্যক্রম ও মোতায়েন জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ও জনমনে ভীতি দূর করার লক্ষ্যে মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।