‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সঞ্চালনা করেন সুদীপ দাশ রিংকু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, বরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মছদ্দর আলী এবং উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল।

আলোচনা সভায় দক্ষিণ লামুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল মুকিত এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা (প্রজিপ) নাজমুল হোসেনও বক্তব্য রাখেন। বক্তারা সমবায় আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনপদে আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তারা অভিমত ব্যক্ত করেন।