ইরানের দক্ষিণ উপকূলে আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পরিবেশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে এই বিস্ফোরণ ঘটে। তবে এসব এলাকায় আসলেই কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হরমুজ প্রণালিতে চলমান ইরানি সামরিক তৎপরতার সঙ্গে এই বিস্ফোরণের কোনো সম্পর্ক থাকতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ঘটনার বিষয়ে ভিন্ন সুর শোনা গেছে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বক্তব্যে। তারা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে যে শব্দ শোনা গেছে তার সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো যোগসূত্র নেই। একই রাতে রোববার ভোরের দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরেছে। আইআরজিসির দাবি, জাহাজ দুটি অনুমোদিত নয় এমন একটি রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল।

এদিকে দেশটির বিভিন্ন প্রান্তে শোনা এসব বিস্ফোরণের সঙ্গে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এর আগে কয়েক দিন পূর্বে দ্বীপটিতে মার্কিন বাহিনীর একটি হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলাটি সীমিত পরিসরের ছিল বলে মার্কিন একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, ওই হামলার মাধ্যমে বড় কোনো সামরিক অভিযানের সূচনা করা হয়নি। এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হয়নি বলেও দাবি করেন তিনি।