দেশ পুনর্গঠন ও পুনর্নির্মাণে সরকার গণতন্ত্রের পথ ধরে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। তবে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে কেন্দ্র করে এখনো বিভিন্ন মহলে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি সতর্ক করেছেন। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
আহমেদ আজম খান বলেন, অতীতে বহুবার ষড়যন্ত্রকারীরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলেছে। এখনো তারা চুপচাপ নেই; নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন, ভালোভাবেই চলছিল দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু পরিকল্পিতভাবে এই খাতে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে, যা সবার কাছে পরিষ্কার। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতেই ষড়যন্ত্রকারীরা এমন কর্মকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর কাতারে মাথা উঁচু করে দাঁড়াবে। একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অতীতেও বাংলাদেশ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু দেশের মানুষ প্রতিটি সংকটে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, দেশের জনগণই তার পুনরুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছে।
ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মন্ত্রী বলেন, সামনে এগিয়ে যাওয়ার পথে সব ধরনের বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার। ষড়যন্ত্রের মুখে দমে না গিয়ে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।