শেরপুরের ঝিনাইগাতীতে ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তামজিদ।

উদ্বোধনকালে ডা. তামজিদ বলেন, ডেঙ্গুর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় প্রতিকারের চেয়ে প্রতিরোধই কার্যকর উপায়। তিনি বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজনন উৎস ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিটির অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। প্রশাখার সাধারণ সম্পাদক মো. রহমত আলী বলেন, কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও ব্যবসায়িক কেন্দ্রের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, প্রশাখার সাধারণ সম্পাদক মো. রহমত আলী এবং সংগঠনটির পরিচালনা পর্ষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।