জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানান। এ সময় তিনি ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

দিবসটি উদযাপনে রাজধানীতে বড় ধরনের শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। আজ বিকাল ৩টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে। এতে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি নিজেই এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নয়াপল্টন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

শোভাযাত্রার রুট সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হবে।

এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। র‍্যালিতে তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানটি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।