মরিশাসের প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কনটেইনার থেকে মালামাল নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের তথ্যানুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কনটেইনার থেকে কাচের বাক্সটি সরানোর সময় তা আচমকা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করে এবং কীভাবে ভারী বাক্সটি হঠাৎ পড়ে গেল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক নেমে এসেছে।