‘বিগ বস’ বাংলার মঞ্চে পা রাখার পর থেকেই নজর কেড়েছেন রাজবীর। বিশেষ করে নন্দিনীর সঙ্গে তার প্রেমময় সম্পর্কের রসায়ন শো-এর উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। তবে রোববার ‘দাদার দরবার’ পর্বে নন্দিনীর বিদায়ঘণ্টা বেজে ওঠায় তৈরি হয় এক আবেগঘন পরিস্থিতি। রাজবীরের জ্যাকেট গায়ে জড়িয়ে তার ঠোঁটে ঠোঁট রাখার দৃশ্যটি অনুরাগীদের হৃদয়ে দাগ কেটেছে।

নন্দিনীর বিদায় মেনে নিতে না পেরে রাজবীর যখন কান্নায় ভেঙে পড়েন, ঠিক তখনই মঞ্চে বড় চমক নিয়ে হাজির হন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। দর্শকের ভোটে নন্দিনীকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তাকে জানানো হয়, আসলে তিনি বাড়ি ছাড়ছেন না। তাকে পাঠানো হচ্ছে একটি গোপন কক্ষে বা সিক্রেট রুমে। সৌরভ জানান, মূল ঘর থেকে বেরিয়ে এলেও খোদ ‘বিগ বস’ তার সঙ্গে দেখা করতে আগ্রহী।

অভিনেত্রীর কাছে এই প্রস্তাব ছিল অপ্রত্যাশিত ও দারুণ আনন্দের। সিক্রেট রুমে ঢোকার পরই নন্দিনীর হাতে আসে ‘বিগ বস’-এর একটি চিঠি। সেখানে থাকা বড় ডিসপ্লে স্ক্রিনে চোখ রেখেই নন্দিনী এখন ঘরের ভেতরের প্রতিযোগীদের যাবতীয় কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া সিক্রেট রুমের দেয়ালে তিনটি ভিন্ন রঙের লাইট বসানো হয়েছে, যার প্রতিটির আলাদা সংকেত ও গুরুত্ব রয়েছে।

গোপন এই আস্তানায় বসে কেবল অন্যদের ওপর নজর রাখাই নয়, নন্দিনীকে বিভিন্ন ধরনের টাস্কও সম্পন্ন করতে হবে। বাড়ির অন্য কোনো প্রতিযোগী তার এই অবস্থানের কথা জানেন না। সব মিলিয়ে, নন্দিনী কি দ্রুতই আবার মূল ঘরে ফিরে আসবেন? এই রহস্যের জট খুলতে দর্শকদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।