অনাবৃষ্টি থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে কাতারজুড়ে সালাতুল ইস্তিস্কা অনুষ্ঠিত হয়েছে। সুন্নাহসম্মত এই বিশেষ নামাজে অংশ নিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে রাজধানী দোহার লুসাইল ঈদগাহ মাঠে জড়ো হন হাজারো মুসল্লি। কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে এই নামাজ আদায় করেন।

নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি খুতবায় উপস্থিত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করার ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, বৃষ্টিতে বিলম্ব মূলত মানুষের সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই সময়ে অধিকহারে ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজের গুরুত্ব তুলে ধরেন তিনি।

খুতবায় পানিকে আল্লাহর বড় নেয়ামত হিসেবে অভিহিত করে এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন ডা. ইয়াহিয়া। তিনি দেশের নাগরিক ও প্রবাসীদের পানির অপচয় রোধ করার এবং এই নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করার বিশেষ আহ্বান জানান।

আমীরের সঙ্গে এই নামাজে অংশ নেন আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী ও শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাজপরিবারের সদস্য, শুরা কাউন্সিলের সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ লুসাইল ঈদগাহ মাঠে সর্বসাধারণের পাশাপাশি নামাজে শরিক হন।