বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, এর আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, জ্বালানি, শিল্প ও পরিবেশবান্ধব প্রযুক্তিসহ দক্ষতা উন্নয়ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। মূলত বিনিয়োগকারীদের সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ের অংশীজনদের যোগাযোগ ও সমন্বয় সাধনে ইনভেস্ট বাংলাদেশ সহায়তা করবে। এর মাধ্যমে শিল্প অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বড় ধরনের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।