রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় আর কেউ আহত হননি। উদ্ধার করা চারজনের মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।