গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত। দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘ সময় ধরে অবদান রাখা এই বর্ষীয়ান ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে তার শুভানুধ্যায়ীরা উদ্বিগ্ন এবং তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আবাহনী ক্রীড়াচক্রের পরিচালক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সহসভাপতি হারুনুর রশীদ দেশের ক্রীড়া সাংবাদিকতায়ও বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পক্ষ থেকে সেরা সংগঠকের পুরস্কার লাভ করেছেন।

হারুনুর রশীদের জন্য দোয়া করা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ আশরাফ আলী, খোরশেদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, কাজী আনোয়ার, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু, সম্রাট হোসেন এমিলি, শেখ মাসুদ ইকবাল মামুন, আলমগীর হোসেন, জাকির হোসেন, গোলাম গাউস, ইকবাল হোসেন, শহীদ হোসেন স্বপন, নজরুল ইসলাম, প্রাণতোষ, সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, জি এস হাসান তামিম ও ফারুক আহমেদ।