সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত হওয়ার কারণে ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কাঙ্ক্ষিত মূল্যায়ন পায়নি বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী আমলে এই বিশ্ববিদ্যালয়কে ইচ্ছাকৃতভাবে এগিয়ে নেওয়া হয়নি। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় প্রতিটি সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘ সময় ধরে এটি নানা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির খাতা কার্যত শূন্যই রয়ে গেছে।

বর্তমানে সরকারের দায়িত্বে থাকা নীতিনির্ধারক ও এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সরকার এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনার অবসান ঘটাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করে সংশ্লিষ্টদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আহ্বান জানাই—শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনাকে প্রাপ্তিতে রূপান্তর করতে।