উপসাগরীয় অঞ্চলে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন এলএনজি পরিবাহী জাহাজ ‘আল মায়েদা’ হামলার শিকার হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার প্রতিবাদ জানিয়ে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
বিবৃতিতে সৌদি আরব উল্লেখ করেছে, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যা সামুদ্রিক নৌ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বিপন্ন করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপথের নিরাপত্তা রক্ষায় এ ধরনের ঘটনা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে রিয়াদ মন্তব্য করেছে।
ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের মতে, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং নিরাপদ সামুদ্রিক চলাচলের নিশ্চয়তা বিধান এখন সময়ের দাবি। উল্লেখ্য, এই হামলার ঘটনাটি সংশ্লিষ্ট অঞ্চলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।