ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুপুর ১২টায় তাদের এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
এই আসনটি থেকে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর তাকে এই পদে জয়ী ঘোষণা করা হয়। মূলত গত ১ অক্টোবর বিএনপি দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল। সেই শূন্য আসনে উপনির্বাচনের মাধ্যমে এলিজা জামান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।