নারী বিশ্বকাপ খেলতে গিয়ে ভারতে গিয়ে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের দুই সদস্য। ইন্দোরের একটি ক্যাফেতে যাওয়ার পথে তারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের ইন্দোরে অবস্থিত র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছিল অস্ট্রেলিয়া দল। গত বৃহস্পতিবার সকালে রিং রোড এলাকায় এ ঘটনা ঘটে। গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী দুই নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণ করেন। বিষয়টি জানার পরপরই অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এমআইজি থানায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং একজন পথচারীর দেওয়া মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া জানান, অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।
ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ক্রিকেটারদের অনুসরণ করছিলেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। এমনকি তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরার প্রচেষ্টাও চালানো হয়। অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশের মাধ্যমে কঠোরভাবে সামাল দিচ্ছেন। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে নিজেদের ছন্দ বজায় রেখে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আজ একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলছে তারা। ‘দৈনিক ভাস্কর’-এর খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন।