পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার সময় কয়েকজন যুবক গোপীনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হতাহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।