জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক জটিলতায় পড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত একটি সংকেত দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে বিমানটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।
নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট বিলম্বের বিষয়টি যাত্রীদের অবহিত করেন এবং দুঃখ প্রকাশ করেন। এর পরপরই প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা শুরু করেন এবং ত্রুটি সারিয়ে পুনরায় উড্ডয়নের উপযোগী করেন। ত্রুটি দূর করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পুনরায় যাত্রার প্রস্তুতি নেওয়া হয়।
গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন। এছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেছেন।