দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’তে অভিনীত চরিত্রটির উপস্থাপন নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। সিনেমাটিতে তাঁর অভিনীত ‘অচিয়াম্মা’ চরিত্রকে যেভাবে যৌন আবেদননির্ভর ও নারী অবমাননাকরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এবার সেই বিতর্কিত পরিস্থিতি নিয়ে নিজের দায়ভার প্রকাশ্যে স্বীকার করলেন অভিনেত্রী। তিনি মনে করেন, দৃশ্যগুলো যখন ধারণ করা হচ্ছিল, তখন তাঁর আরও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল। তাঁদের অভিযোগ, চরিত্রটিকে এমনভাবে দেখানো হয়েছে, যা নারীকে যৌন আবেদননির্ভর দৃষ্টিতে উপস্থাপন করে। অশালীন উপস্থাপনা থেকে বেফাঁস মন্তব্য, বারবার বিতর্কে জাহ্নবী।
সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাহ্নবী এই প্রসঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর তাঁকে সরাসরি প্রশ্ন করেন, কেন তিনি শুটিং চলাকালীন এই বিতর্কিত উপস্থাপন ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। জাহ্নবীর মতে, সিনেমাটির পেছনে অনেক মানুষের শ্রম জড়িত থাকায় শুরুতে তিনি কথা বলতে দ্বিধাবোধ করেছিলেন। তবে চরিত্রের নেতিবাচক উপস্থাপন নারীদের সম্পর্কে সমাজে ভুল বার্তা দিতে পারে—এই বিষয়টি তাঁকে প্রচণ্ড পীড়া দিচ্ছে। এ ধরনের উপস্থাপন সমাজে, বিশেষ করে আমার লিঙ্গের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা আমাকে গভীরভাবে ভাবায়। এই লজ্জা আমাকে সব সময় বয়ে বেড়াতে হবে।’।
নিজের ভূমিকার আত্মসমালোচনা করে জাহ্নবী বলেন, ‘এই ঘটনার দায় স্বীকার করা আমার জন্য জরুরি। আমি কি আরও সতর্ক হতে পারতাম? অবশ্যই পারতাম। দৃশ্যগুলো যে সমস্যাজনক এবং নারীদের অবমাননা করার শামিল, তা আমি স্বীকার করছি। এমনকি গল্পের খাতিরে যেভাবে যৌন সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেটিও ভুল ছিল।’ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান। তাঁর মতে, সুবিধাজনক অবস্থানে থাকার কারণে অনেকের তুলনায় তাঁর প্রতিবাদ করার সুযোগ বেশি ছিল।
শুটিং সেটের সীমাবদ্ধতা ও পেশাদারত্বের চাপের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি ব্যাখ্যা করেন, পরিচালকের নির্দেশ মেনে চলা একজন অভিনয়শিল্পীর কাজের অংশ। অনেক সময় ক্যামেরার কোণ বা দৃশ্য ধারণের ধরন আগে থেকে বোঝা সম্ভব হয় না, যা পরে পর্দায় ভিন্নভাবে ফুটে ওঠে। তবে জাহ্নবী স্পষ্ট করে বলেছেন যে, পরিস্থিতির সীমাবদ্ধতার কথা বলে তিনি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চান না। যতটুকু সম্ভব দৃশ্যগুলোকে কম বিতর্কিত করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এ ছাড়া চিত্রনাট্যে সব সময় দৃশ্যের পূর্ণাঙ্গ উপস্থাপন বোঝা যায় না বলেও জানান তিনি।
নিজের পারিবারিক ও সামাজিক অবস্থানের কথা উল্লেখ করে জাহ্নবী বলেন, এই সুবিধাটুকু তাঁর কাজে লাগানো উচিত ছিল। তিনি বলেন, ‘আমি এমন একটি প্রেক্ষাপট থেকে এসেছি যেখানে আমার অনেক সুবিধা রয়েছে। এই অবস্থান থেকে আমার আরও বেশি প্রতিবাদী হওয়া উচিত ছিল।’
উল্লেখ্য, পরিচালক বুচি বাবু সানার সিনেমা ‘পেড্ডি’তে রাম চরণের বিপরীতে দেখা গেছে জাহ্নবীকে। সিনেমাটিতে যৌন সহিংসতাকে স্বাভাবিক দেখানোর অভিযোগ উঠলে পরিচালক বুচি বাবু সানা নিজেও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন। দর্শকদের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণ থেকে বিতর্কিত অংশগুলো বাদ দেওয়া হয়েছে অথবা সম্পাদনার মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে।