বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন কর্মকর্তাকে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।
আদালত জানতে চেয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি, ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বর জারি করা স্মারকগুলোর মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এসব পদে নিয়োগ কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া, বিচারকদের নির্বাহী বিভাগে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। তিনজন বিচারিক কর্মকর্তাকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন বা নিয়োগসংক্রান্ত গত ২৫ ফেব্রুয়ারি, গত ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বরের স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।