রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় তিন নারীসহ অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে তিনজনসহ মোট চারজন মারা গেছেন।
নিহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন (৪৫), মোজাফফর হোসেন ও তার বোন গোলাপী এবং বাসের হেলপার আপেল। বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, ভোরে বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের উল্টো দিকে মাজার মসজিদের সামনে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। কুড়িগ্রামগামী দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের কাজ চালিয়ে যাচ্ছে।