মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটায় ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের কিছু এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এই ঘটনায় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পাওয়ার গ্রিড পিএলসি।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। চট্টগ্রামের একাংশেও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছে পাওয়ার গ্রিড পিএলসি। সংস্থাটি আরও জানায়, জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) মাধ্যমে জাতীয় গ্রিডের কার্যক্রম তদারকি করা হচ্ছে এবং বর্তমানে দেশের উত্তরাঞ্চলসহ অন্য সব এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য প্রকৌশলীরা কাজ শুরু করেছেন এবং ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঠিক কত সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।