ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে সাজাভোগ করার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন একই পরিবারের তিন সদস্য। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ফেরত আসা এই তিন নাগরিক বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার বাসিন্দা। তারা হলেন মো. আল আমিন শেখ (২০), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের দুই বছর বয়সী সন্তান আরমান শেখ। বিজিবি সূত্রে জানা গেছে, উন্নত জীবনের প্রত্যাশায় দীর্ঘদিন আগে তারা অবৈধ পথে ভারতে পাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে দেশটির আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের কারাদণ্ড দেওয়া হয়।
আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের ট্রাভেল পারমিট প্রদান করলে দুই দেশের ইমিগ্রেশন পুলিশের সমন্বয়ে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ জানিয়েছে, দাপ্তরিক ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফেরত আসা ওই পরিবারকে যশোরের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের জিম্মায় দেওয়া হবে। সংস্থাটির মাধ্যমে তারা পুনরায় নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।