রোববার (২৫ অক্টোবর) রাতে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ১১০ কিলোমিটার গভীরতায় সৃষ্ট এই ভূকম্পনের ফলে উভয় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। রয়টার্স জানিয়েছে, শুরুতে এই কম্পনের মাত্রা ৫.৮ বলে ধারণা করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।
ভূমিকম্পের প্রভাবে আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জিও নিউজ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।
তবে আশার কথা হলো, শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দেশের কর্তৃপক্ষই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।