মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার উদ্বেগের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। আঞ্চলিক সংঘাতের ধারাবাহিকতায় সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা ও দাম উভয়ই বৃদ্ধি পেয়েছে। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে তেলের দর ঊর্ধ্বমুখী রইল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক মান ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ০ দশমিক ৩৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ডাব্লিউটিআই ক্রুডের দামও ০ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে। এই সাপ্তাহিক উত্থানে ব্রেন্ট ক্রুডের বৈশ্বিক বেঞ্চমার্কে জ্বালানি তেলের সামগ্রিক মূল্য প্রায় ৩ শতাংশ বেড়েছে।

এই মূল্যবৃদ্ধির নেপথ্যে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা বড় ভূমিকা রেখেছে। তারা লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দর ছাড়াও দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরে আঘাত হেনেছে। সৌদি ভূখণ্ডে এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে আন্তর্জাতিক বাজারের ওপর।