সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও সময় সংক্রান্ত কোনো ঘোষণা বোর্ড কর্তৃপক্ষ দেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ নোটিশ কিংবা নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই এ ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।