গাজীপুরের শ্রীপুরে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণদিবস স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীপুর নবারুণ ক্লাব এবং শ্রীপুর সাহিত্য পরিষদ যৌথভাবে ‘জীবনানন্দ দাশ: বিপন্ন বিস্ময়’ শীর্ষক এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর নবারুণ ক্লাবের প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন কবির সরকার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ. কবির মণ্ডল এমএ। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান মণ্ডল মিলন এবং শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীপুর নবারুণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও শ্রীপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশকাত রাসেল।

আলোচকরা উল্লেখ করেন, জীবনানন্দ দাশ বাংলা আধুনিক কবিতার অন্যতম প্রধান পুরুষ, যার রচনায় বাংলার নিসর্গ, নিঃসঙ্গতা ও গভীর জীবনবোধ অনন্য রূপ পেয়েছে। সময়ের পরিক্রমায়ও তাঁর সৃষ্টিকর্মের জনপ্রিয়তা ও গুরুত্ব হ্রাস পায়নি। তরুণ প্রজন্মকে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগী করে তুলতে নিয়মিত সাহিত্য পাঠ ও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, সভায় কবির জীবনপঞ্জি, কবিতা ও বিভিন্ন গ্রন্থ নিয়ে আলেখ্য পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক প্রধান, কবি ও প্রাবন্ধিক মো. সেলিম মোল্লা, পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান আহাম্মাদুল কবির, একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও নাট্যকার মমিনুল ইসলাম মোল্লা, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এবং সাধারণ সম্পাদক মহসিন আহমেদ।