বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন পর দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্যের কথা জানানো হয়। আগামী ৩ দিন পর বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এটি পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এবং শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে এ দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তীতে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।