হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। মন্ত্রীকে ঢাকায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক। তিনি জানান, বিএমইউ হাসপাতালেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীস্থ নিজ বাসভবনে আকস্মিক অসুস্থতা অনুভব করলে ভূমিমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে রক্তশূন্যতা দেখা দিলে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। শারীরিক পরিস্থিতির সার্বিক বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দেন। বর্তমানে তিনি রাজশাহীবাসীসহ পুরো দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।