নরসিংদীর মাধবদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বয়লারটি বিকল হয়ে হঠাৎ বিস্ফোরিত হয় এবং কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই মাধবদী ও সদর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে উদ্ধার তৎপরতা শুরু হয়।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।