শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অপারেশন বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর ট্রেনগুলো স্বাভাবিক সময়সূচির আদলে চলাচল করবে। তবে ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল পরিষেবা শুধুমাত্র বিকেল থেকে শুরু হবে। ছুটির এই পুরো সময়ে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ১০ থেকে ২০ মিনিট বিরতিতে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।‎।

নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশিরভাগ সময় ট্রেনগুলো ১০ থেকে ১২ মিনিট পরপর চলাচল করলেও, রাতে যাত্রী চাহিদা অনুযায়ী বিরতি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে। এই চার দিনে উভয় দিকে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

এদিকে শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলাচলের সময়সূচিতে বিশেষ পরিবর্তন থাকছে। এদিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল বিকেল ৩টায় শুরু হবে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। ওই দিন মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমটিসিএল। উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন সবসময় প্রস্তুত রাখা হবে। জরুরি প্রয়োজনে বা যাত্রী সমাগম বাড়লে এসব ট্রেন ব্যবহারের মাধ্যমে চলাচলের সময়সূচি সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।