নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এর জন্য বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া গায়িকা ও গীতিকার ইজে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গী হলেন সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিম। সোমবার ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জানা যায়, গত শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঘরোয়া আয়োজনে তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
সিউলের গাংডং এলাকার স্টেজ ২৮-এ খোলা আকাশের নিচে আয়োজিত এই বিয়ের স্থানটি ইজের কাছে অত্যন্ত আবেগপূর্ণ। একসময় সেখানে তাঁর নানা, বর্ষীয়ান অভিনেতা শিন ইয়ং-কিউনের বাসস্থান ছিল। ইতিপূর্বে ইজের বড় ভাইয়ের বিয়েও একই স্থানে সম্পন্ন হয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের প্রাথমিক পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দক্ষিণ কোরিয়ায় বিয়ের তারিখ এগিয়ে আনেন এই জুটি। সব মিলিয়ে বিয়ের প্রস্তুতির জন্য তাঁরা মাত্র চার মাস সময় পেয়েছিলেন, কারণ এর আগে সিনেমার প্রচারণার ব্যস্ততায় তাঁদের পরিকল্পনায় কিছুটা দেরি হয়েছিল।
ইজে ও স্যাম কিমের সম্পর্কের সূত্রপাত হয় ২০১৭ সালের মে মাসে, পেশাগতভাবে একটি গানের কাজে যুক্ত হওয়ার মাধ্যমে। দীর্ঘদিনের সহকর্মী থেকে তাঁদের সম্পর্কের গভীরতা বাড়ে এবং ২০২৫ সালের জুনে তাঁরা বাগ্দান সম্পন্ন করেন। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি কোরীয় বিয়ের ঐতিহ্যবাহী রীতি ‘পেবেক’ পালন করা হয়, যেখানে নবদম্পতি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে নত হয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
ইজে অতীতে এসএম এন্টারটেইনমেন্টের প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো জনপ্রিয় গানের গীতিকার হিসেবে নিজের অবস্থান তৈরি করেন। তাঁর ক্যারিয়ারের অনন্য সাফল্য আসে ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ গানটি দিয়ে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের পুরস্কার অর্জনের গৌরব লাভ করে।