শারদীয়া দুর্গা উৎসবের মহা নবমীতে পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গা উৎসব।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে সামরিক বিমানে তিনি নীলফামারী সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন। এই সরকারের নীতি অনুযায়ী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সরকার এবার সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাজেট বরাদ্দ বাড়ানোসহ সব ধরনের সহযোগিতা প্রদান করেছে। তিন মহানগরে মন্ডপ পরিদর্শন শেষে আজ রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, তিনি ঢাকা মহানগরীর মহাখালী ও বনানী পূজামন্ডপ পরিদর্শন করেছিলেন, যেখানে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। বরাদ্ধ বেড়েছে, ছুটি বেড়েছে এবং পূজা মন্ডপগুলোতে সব ধরনের সহযোগিদতা করছে সরকার।’।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন ও পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছে তিনি সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং ২টা ১৫ মিনিটে সার্কিট হাউজে যাত্রা বিরতি নেবেন। এছাড়া বিকাল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

সফরসূচির শেষ ভাগে বিকাল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে তিনি জেএম সেন হল রহমতগঞ্জ পূজামন্ডপ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে বিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছাবেন বলে নির্ধারিত রয়েছে।

দুর্গাপূজার মহানবমীর এই সফরের মাধ্যমে সরকার দেশের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিচ্ছে। পরদিন প্রতিমা বিসর্জনের মাধ্যমেই শারদীয়া দুর্গা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি নিপুল রায় চৌধুরী এবং বিএনপি নেতা জয়ন্ত কুমার কুন্ডসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত রয়েছেন।