শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার থেকে এই বিশেষ ট্রেনগুলো নিয়মিত চলাচল শুরু করেছে।

একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে। সাধারণ যাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে দেশের ২২টি ডিপো থেকে ২০০টি বিশেষ বাস প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিশেষ এই বাসগুলোর বড় একটি অংশ ঢাকার বিভিন্ন ডিপো ও গাজীপুর থেকে দেশের ২৬টি জেলা শহর এবং আন্তঃজেলা রুটে চলাচল করবে। জরুরি প্রয়োজনে বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উৎসবের সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা, টিকিটের কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী। অনিয়ম ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সেতুর টোল প্লাজাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখার পাশাপাশি সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম।