ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যোগ দিচ্ছেন না। ভারতের সাথে বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে তার এই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া গেছে। এর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। দিল্লির একাধিক সূত্র এমনই আভাস দিয়েছে।
চলতি বছরের ৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় বিমসটেক সচিবালয়ে পাঠানো চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়। আগামী ১২ ও ১৩ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশ—ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। ওই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নেই।
দীর্ঘ আট বছর আগের সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আয়োজিত হতে যাচ্ছে। ২০১৮ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত জোটের চতুর্থ শীর্ষ সম্মেলনে এই পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্মেলনে মূলত সন্ত্রাসবাদ, মাদক ও মানব পাচার, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এ ছাড়া আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করা বিমসটেকের সচিবালয় ঢাকায় অবস্থিত। জোটের বর্তমান সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। উল্লেখ্য যে, গত ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ এই আঞ্চলিক জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।