সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে। গত মঙ্গলবার সকালে নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না।
শনিবার সকালে সমেশপুর এলাকার হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বোন হোসনে আরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁর ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা চালককে হত্যা করে মরদেহ বালুর নিচে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।