অক্টোবর মাসের প্রথম ৯ দিনেই সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হলেও সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৯৫ জনের। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) মৃতের সংখ্যা ১৩২ জন। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, যার ঘটনাটি ঘটেছে খুলনা বিভাগে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন রোগী। এই একদিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

রাজধানীর দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন ৩৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।