খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে মর্মান্তিক এক দুর্ঘটনায় আব্দুস সালাম (৪৮) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় অবস্থিত কেসিসি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম লবণচরা থানার নিজ খামার এলাকার বাসিন্দা এবং মেসের আহম্মেদের ছেলে। তিনি সিটি করপোরেশনেই চালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে অপর চালক আব্দুল বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় আব্দুস সালাম অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দুর্ঘটনার বিস্তারিত জানতে পারেন। নিহত আব্দুস সালাম এবং গাড়িচালক আব্দুল বারেক—উভয়েই খুলনা সিটি করপোরেশনে চালক পদে নিয়োজিত ছিলেন।
এদিকে, এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না, তবে এ ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।