রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (৭ অক্টোবর) বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি অফিসিয়াল চিঠি জারি করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য গেজেট প্রকাশ করেছিল অর্থ বিভাগ। ওই গেজেটের কপি সংযুক্ত করে এবার তা কার্যকরের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা এই চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। সংশ্লিষ্ট এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি পৌঁছে দেওয়া হয়েছে।

ব্যাংক ছাড়াও তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি। সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও চিঠি ও গেজেটের কপি পাঠানো হয়েছে।

চিঠিতে সংযুক্ত গেজেটের নির্দেশনা অনুযায়ী দ্রুত পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও নির্দিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নতুন এই বেতন কাঠামো চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।